সারাদেশ
চট্টগ্রামে বিএনপি-এনসিপির মুখোমুখি অবস্থান, উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন
হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরের জামালখান প্রেসক্লাব এলাকায় বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিয়েছেন।
আজ বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে এ ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুই পক্ষের মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছেন।
এর আগে হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করে দলটি। কর্মসূচিকে কেন্দ্র করে জামালখান প্রেসক্লাব এলাকায় এনসিপির নেতাকর্মীরা জড়ো হন।
একপর্যায়ে সেখানে বিএনপির নেতাকর্মীরাও অবস্থান নিলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনা সৃষ্টি হয়। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।
এনসিপির নেতাকর্মীরা অভিযোগ করেন, হবিগঞ্জে তাদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানাতেই তারা কর্মসূচি পালন করছিলেন। অন্যদিকে বিএনপির নেতাকর্মীদের দাবি, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদ ও প্রতিরোধ জানাতেই তারা সেখানে অবস্থান নিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাদের মাঝখানে অবস্থান নিয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।