সারাদেশ

পেনশনের টাকায় ৩ পুকুরে মাছ চাষ, বিষ প্রয়োগে সব মাছ মেরে ফেলল দুর্বৃত্তরা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১০:০৭ পিএম

পেনশনের টাকায় ৩ পুকুরে মাছ চাষ, বিষ প্রয়োগে সব মাছ মেরে ফেলল দুর্বৃত্তরা
ছবিঃ সংগৃহীত

বরিশাল সদর উপজেলার চরামদ্দি ইউনিয়নে এক অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তার তিনটি মাছের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। পেনশনের টাকায় শুরু করা মাছ চাষের মাত্র দুই দিনের মাথায় এ ঘটনায় প্রায় দুই লাখ টাকার ক্ষতির দাবি করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী আবুল কালাম মজুমদার জানান, দীর্ঘ চাকরিজীবন শেষে অবসরে গিয়ে পাওয়া পেনশনের অর্থের একটি অংশ দিয়ে বাড়ির পাশের তিনটি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ও বড় মাছ অবমুক্ত করেন। অবসরজীবনে মাছ চাষের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার পরিকল্পনা ছিল তার।

তিনি অভিযোগ করেন, মাছ ছাড়ার মাত্র দুই দিনের মাথায় মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে দুর্বৃত্তরা তিনটি পুকুরে বিষ প্রয়োগ করে। বুধবার (২৯ জুলাই) সকালে পুকুরে গিয়ে তিনি পানির ওপর বিপুল পরিমাণ মাছের পোনা ও বড় মাছ ভাসতে দেখেন।

আবুল কালাম মজুমদারের দাবি, এ ঘটনায় তার প্রায় দুই লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন অবসরপ্রাপ্ত মানুষের কষ্টার্জিত সঞ্চয়ে গড়ে তোলা উদ্যোগ এভাবে ধ্বংস করে দেওয়া অত্যন্ত নিন্দনীয়। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে চরামদ্দি পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে জানানো হয়েছে, ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।