সারাদেশ
আনোয়ারায় টানেল মোড়ে দোকানে ঢুকে পড়ল যাত্রীবাহী বাস, নিহত ২
চট্টগ্রামের আনোয়ারায় টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়ক ছেড়ে পাশে থাকা দোকানে ঢুকে পড়ে। এসময় সেখানে দাঁড়িয়ে থাকা অন্তত ছয়টি সিএনজিচালিত অটো রিকশা ও রিকশা দুমড়েমুচড়ে যায়। এ দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ১০ জন।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চাতরী চৌমুহনী বাজারের টানেল মোড় এলাকায় যাত্রীর অপেক্ষায় বেশ কিছু সিএনজি ও অটোরিকশা দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি সড়কের পাশে থাকা দোকানে ঢুকে পড়ে। বাসের ধাক্কায় সেখানে দাঁড়িয়ে থাকা অন্তত ছয়টি অটোরিকশা ও রিকশা দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা মানুষজন চাপা পড়েন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আনোয়ারা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ বলেন, ‘আমাদের কাছে ১০ জন আহতের তথ্য রয়েছে এছাড়া হাসপাতাল আনার পরে দুইজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার কাজো আমরা যথাসাধ্য চেষ্টা করছি।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অনিন্দিতা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। আহত রোগীর সংখ্যা এখনো সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না, তবে আমরা তথ্য সংগ্রহ করছি। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হচ্ছে।’
এদিকে পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাস ও অটো রিকশাগুলো উদ্ধার করা হয়েছে। ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।