সারাদেশ
‘তুই ফ্যাসিস্ট’ বলে বিএনপি কর্মীকে বেদম কিল-ঘুষির অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
লক্ষ্মীপুরে ‘তুই ফ্যাসিস্ট’ বলে বিএনপিকর্মীকে এলোপাতাড়ি কিল-ঘুষি দেওয়ার অভিযোগ উঠেছে আনিসুল ইসলাম নামে এক আইনজীবীর বিরুদ্ধে। এ সময় মোটরসাইকেল ও মোবাইল ফোন সেট ভাঙচুর করা হয় বলে জানিয়েছেন আহত বিএনপি কর্মী মো. শরিফ।
গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার ভবানীগঞ্জের চৌরাস্তা এলাকায় মারধরের ঘটনা ঘটে। পরে রাতে লক্ষ্মীপুর সদর মডেল থানায় শরীফ ওই আইনজীবীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন মো. শরিফ।
ভুক্তভোগী শরীফ সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের বিনোদধর্মপুর গ্রামের বাসিন্দা। তিনি বিএনপির সক্রিয়কর্মী। অভিযুক্ত লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী আনিসুল ইসলাম একই এলাকার বাসিন্দা।
তবে আইনজীবী আনিসুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, শরিফের সঙ্গে দেখা হয়েছে। তিনি মাদকাসক্ত। একটি পক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
আহত মো. শরীফ বলেন, আনিসুলদের সঙ্গে আমাদের পৈত্রিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিষয়ে জেলা আদালতে মামলাও বিচারাধীন। বিভিন্ন সময় তিনি আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। ঘটনার সময় কিছু বুঝে ওঠার আগেই তুই ফ্যাসিস্ট বলে এলোপাতাড়ি কিল-ঘুষি দেওয়া হয়।
তিনি আরও জানান, ঘটনার সময় মাছের খাবার কিনতে মোটরসাইকেলে ভবানীগঞ্জ চৌরাস্তা এলাকায় পৌঁছলে কয়েক সহযোগীকে নিয়ে আনিসুল পথরোধ করে। একপর্যায়ে তাকে গালিগালাজ করে হামলা চালানো হয়। এতে তার শরীরের বিভিন্নঅংশে ফুলা-জখম হয়।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, এক ব্যক্তিকে মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।