সারাদেশ
কীর্তন শেষে ফেরার পথে নৌকাডুবি, একজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪
সুনামগঞ্জের জগন্নাথপুরে হিন্দু সম্প্রদায়ের কীর্তন অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে একটি ডিঙ্গি নৌকা ডুবে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও চারজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে অভিযান চলছে।
গতকাল শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে জগন্নাথপুর পৌরসভার ভবানীপুর গ্রামসংলগ্ন মইয়ার হাওরে এ দুর্ঘটনা ঘটে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল হাওর থেকে অরুণ দেবনাথ (৪০) নামে একজনের মরদেহ উদ্ধার করে। তিনি ভবানীপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, নিখোঁজ রয়েছেন একই এলাকার অধীর দেবনাথ (৩৫), হেমেন্দ্র দেবনাথ (৩০), সতীন্দ্র দেবনাথ (৬৫) এবং আরও একজন, যার পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে জগন্নাথপুর পৌর এলাকার ভরাউট গ্রামে হিন্দু সম্প্রদায়ের একটি কীর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে রাত ৩টার দিকে ভবানীপুর গ্রামের নয়জন একটি ডিঙ্গি নৌকায় করে মইয়ার হাওর পাড়ি দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে ভবানীপুর এলাকায় পৌঁছালে হঠাৎ নৌকাটি ডুবে যায়।
এ সময় নৌকায় থাকা পাঁচজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকি যাত্রীরা পানিতে তলিয়ে যান। খবর পেয়ে সকালে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া অরুণ দেবনাথের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা কাজ করছেন।