সারাদেশ

যশোরে এইচএসসি ছাত্রীকে ধর্ষণের মামলায় ছাত্রদল নেতা জেলহাজতে


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৯:২১ পিএম

যশোরে এইচএসসি ছাত্রীকে ধর্ষণের মামলায় ছাত্রদল নেতা জেলহাজতে
ছবিঃ সংগৃহীত

যশোরের চৌগাছায় এইচএসসি দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া এক ছাত্রদল নেতাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আজ রবিবার (০২ আগস্ট) তাকে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

ওই ছাত্রদল নেতার নাম আরাফাত হোসেন রাব্বি। তিনি চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।

এদিকে ওই ছাত্রদল নেতাকে দল থেকে বহিষ্কার করেছে সংগঠনের যশোর জেলা কমিটি। যশোর জেলা ছাত্রদলের সদস্যসচিব শাহ নেওয়াজ ইমরান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আরাফাত হোসেন রাব্বিকে প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ও সদস্যসচিব শাহ নেওয়াজ ইমরান এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করে দেওয়ার কথা বলে অভিযুক্ত আরাফাত হোসেন রাব্বি এইচএসসি দ্বিতীয় বর্ষের এক কলেজছাত্রীকে চৌগাছা শহরে নিয়ে যান। পরে পৌরসভার চার নম্বর ওয়ার্ডের নিরিবিলিপাড়া এলাকার একটি বাড়িতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরে তার পরিবারের পক্ষ থেকে চৌগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ ধর্ষণের মামলা রুজু করে।

অভিযোগের ভিত্তিতে গতকাল শনিবার (০১ আগস্ট) রাতে চৌগাছা থানা-পুলিশ অভিযান চালিয়ে আরাফাত হোসেন রাব্বিকে গ্রেপ্তার করে।  

এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ভুক্তভোগী বাদী হয়ে ধর্ষণের মামলা করেছেন। অভিযোগের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে পাঠানোর পর আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলার তদন্তসহ অন্যান্য আইনগত কার্যক্রম চলমান রয়েছে।