সারাদেশ
‘আল্লাহ কেন মোক নেয় না’- সন্তানদের অবহেলায় মানবেতর জীবন পঙ্গু বৃদ্ধ বাবার
কুড়িগ্রামের সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নে সন্তানদের অবহেলায় মানবেতর জীবন কাটাচ্ছেন পঙ্গু ও আশির্ধ্ব বৃদ্ধ আজিজুর রহমান। বার্ধক্যে পরিবারের স্নেহ-ভালোবাসা পাওয়ার বদলে বাড়ি থেকে বিতাড়িত হয়ে এখন সরকারি খাসজমিতে টিনের ছোট্ট একটি ঘরে বসবাস করছেন তিনি। দুর্বল শরীর নিয়ে প্রতিদিন বাঁধের রাস্তায় উঠে মানুষের কাছে সাহায্য চেয়ে যা পান, তাই খেয়ে কোনোমতে দিন কাটছে তার।
স্থানীয়দের ভাষ্য, কয়েক বছর আগে পক্ষাঘাতে আক্রান্ত হওয়ার পর থেকেই সন্তানরা বাবার দায়িত্ব নিতে অনীহা দেখায়। স্ত্রীও কয়েক বছর আগে নদীতে ডুবে মারা যাওয়ার পর তিনি আরও অসহায় হয়ে পড়েন। তিন সন্তানের মধ্যে দুই ছেলে ঢাকায় থাকলেও কেউ তার খোঁজ নেন না। একমাত্র মেয়ের কাছেও কিছুদিন ছিলেন, তবে পরে সেখান থেকেও চলে যেতে বাধ্য হন।
কান্নাজড়িত কণ্ঠে আজিজুর রহমান বলেন, “আল্লাহ কেন মোক নেয় না! শুধু ভালো মানুষগুলা মরে, মোক আর নেয় না। মানুষ যে ভাত দেয়, সেই ভাত খাইয়া বাঁচি আছি।”
প্রতিবেশীরা জানান, আগে ভিক্ষা করে চললেও এখন শারীরিক অসুস্থতার কারণে সেটিও ঠিকমতো করতে পারেন না। এলাকার কিছু সহৃদয় মানুষের সহায়তায় তার খাবারের ব্যবস্থা হয়। যদিও তিনি সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধী ভাতা পান, তবে সেই অর্থ কে উত্তোলন করেন, সেটিও তিনি জানেন না।
মোগলবাসা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবু বক্কর সিদ্দিক বলেন, আজিজুর রহমান অত্যন্ত অসহায় ও হতদরিদ্র। তার নামে প্রতিবন্ধী ভাতার অর্থ পরিবারের কেউ উত্তোলন করছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, দেশে অনেক বয়স্ক মানুষই সন্তানের অবহেলার শিকার হচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক।