সারাদেশ
চরফ্যাশনে বিদ্যুৎস্পর্শে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
চরফ্যাশনে বিদ্যুৎস্পর্শে মো রাসেল (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট) দুপুরে উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওযার্ডে এ ঘটনা ঘটে।
মৃত রাসেল ওই এলাকার মো. আবুল কালামের ছেলে ও দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল।
পরিবার সূত্রে জানা গেছে, বসতঘরের মেঝের কাজের জন্য পুকুরে একটি বৈদ্যুতিক মোটর স্থাপন করা হয়েছিল। দুপুরে মোটরের সঙ্গে বৈদ্যুতিক সুইচ বোর্ডের সংযোগ দেওযার সময় অসাবধানতাবশত রাসেল বিদ্যুৎস্পর্শ হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একমাত্র ছেলেকে হারিয়ে শোকে বিহ্বল মো. আবুল কালাম বলেন, আমার চারটি মেয়ে ও একটি মাত্র ছেলে। সে এ বছর দুলারহাট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। খুবই মেধাবী ছিল। তাকে হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম।
হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মুনতাসীর বিল্লাহ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন আলম চৌধুরী বলেন, বিদ্যুৎস্পর্শ হয়ে একজন শিক্ষার্থীর মৃত্যুর সংবাদ পেয়েছি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।