সারাদেশ
ঝালকাঠিতে বিএনপির সভায় আ.লীগ নেতার ফুলেল শুভেচ্ছা
ঝালকাঠি সদর উপজেলার ৫ নম্বর কীর্তিপাশা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় আওয়ামী লীগ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুর রহিম মিয়ার উপস্থিতি এবং বিএনপি নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর ঘটনাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
গতকাল বুধবার (০৫ আগস্ট) বিকেল ৫টায় কীর্তিপাশা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি এস এম এজাজ হাসান। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনিসুজ্জামান চপল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শরিফুল হক মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিক, প্রচার সম্পাদক আজিজুল হক এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান।
সভায় ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক নিজ নিজ এলাকার সাংগঠনিক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। তবে সভার আনুষ্ঠানিক কার্যক্রমের বাইরে সবচেয়ে বেশি আলোচনায় আসে ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুর রহিম মিয়ার উপস্থিতি। তিনি উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ উপস্থিত নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা। সমালোচকদের দাবি, অতীতে আবদুর রহিম মিয়াকে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে। বিএনপির একটি অংশের অভিযোগ, এ ঘটনার পেছনে কয়েক লাখ টাকার লেনদেন হয়েছে। যদিও এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে চেয়ারম্যানের একাধিক ছবিও ছড়িয়ে পড়েছে। এসব ছবি সামনে আসার পর তার রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন তুলছেন অনেকে।
তবে স্থানীয় বাসিন্দাদের একটি অংশ বলছেন, ইঞ্জিনিয়ার আবদুর রহিম মিয়া দলীয় প্রতীকে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘আনারস’ প্রতীক নিয়ে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হন। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের অংশ হিসেবেই তিনি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে থাকেন।
অভিযোগের বিষয়ে ইঞ্জিনিয়ার আবদুর রহিম মিয়া বলেন, তার বাবা, দাদা ও পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সবসময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছেন। তিনি আরও দাবি করেন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করেন এবং ভবিষ্যতে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আগ্রহ রয়েছে। অতীতে রাজনৈতিক বাস্তবতার কারণে সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর বিভিন্ন কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি এস এম এজাজ হাসান বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বর্তমানে বিএনপিতে নতুন সদস্য অন্তর্ভুক্তি বা যোগদানের কোনো সুযোগ নেই। ইউনিয়ন পরিষদে বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হওয়ায় সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে ইউপি চেয়ারম্যান ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। দলের নীতিমালার বাইরে কোনো কার্যক্রম পরিচালিত হয়নি বলেও তিনি দাবি করেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ঘটনাকে কেন্দ্র করে কীর্তিপাশার রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত মিলছে। বিশেষ করে জনপ্রতিনিধিদের রাজনৈতিক অবস্থান নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে, তা আগামী দিনের স্থানীয় রাজনীতি এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাব ফেলতে পারে।