সারাদেশ
ধর্ষণ মামলায় গ্রেফতার কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া
নেত্রকোনায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর মো. রিপন মিয়াকে (৩৩) গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
আজ শুক্রবার (০৭ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মহিষারন এলাকার অচিন্তপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৪ জানায়, মামলার পর থেকেই রিপন পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারে র্যাবের গোয়েন্দা দল ছায়া তদন্ত ও নজরদারি শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী ও অভিযুক্ত একই এলাকার বাসিন্দা এবং প্রতিবেশী। অভিযুক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট নির্মাতা হিসেবে পরিচিত। এই পরিচয়ের সুযোগ নিয়ে কিশোরীকে বিভিন্ন সময় কনটেন্ট তৈরির কথা বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেওয়ার প্রলোভন দেখাতেন এবং বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিতেন বলে অভিযোগ রয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ৩০ জুলাই রাত আটটার দিকে জরুরি কথা আছে বলে কিশোরীকে বাড়ির পাশের জঙ্গলে নেওয়া হয়। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গত ৫ আগস্ট নেত্রকোনা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০)-এর ৯(১)/৩০ ধারায় মামলা করেন।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার রিপনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।