সারাদেশ
কিশোরগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাসের ধাক্কায় এক ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
আজ শনিবার (০৮ আগস্ট) সকাল ৬টার দিকে কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া পৌরসভার বরাটিয়া বাজার চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহনের একটি বাস বরাটিয়া বাজার চৌরাস্তা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সজোড়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক মারা যান এবং ভেতরে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।