সারাদেশ
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নে ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার খবরে তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আনন্দ-উল্লাসে মেতেছেন দলটির নেতাকর্মী ও সমর্থকেরা।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর থেকে জেলার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল ও স্লোগানে মুখর হয়ে ওঠে বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা।
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পর ঠাকুরগাঁও শহরসহ বিভিন্ন উপজেলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। তারা একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ ভাগাভাগি করেন। কোথাও কোথাও আনন্দ মিছিল বের করে স্লোগানও দেন নেতাকর্মীরা।
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম শরিফ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় শুধু ঠাকুরগাঁও নয়, সারাদেশের মানুষ আনন্দিত। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নানা প্রতিকূলতার মধ্য দিয়ে রাজনীতি করেছেন এবং কারাবরণও করেছেন। তার ত্যাগ ও রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি হিসেবেই তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে বলে মনে করেন তিনি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের মানুষের গর্ব। তার মনোনয়নের খবরে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মির্জা ফখরুলের ছোট ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন বলেন, এটি তাদের পরিবারের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের মুহূর্ত। তবে এই আনন্দ শুধু পরিবারের মধ্যে সীমাবদ্ধ নয়, ঠাকুরগাঁওয়ের প্রতিটি মানুষের আনন্দের বিষয়। দীর্ঘদিন ধরে মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মির্জা ফখরুল রাজনীতি করেছেন উল্লেখ করে তিনি তার জন্য সবার কাছে দোয়া ও শুভকামনা কামনা করেন।
এদিকে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পর জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বৃহস্পতিবার দিনভর ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ ও আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে নেতাকর্মী ও সমর্থকেরা নিজেদের প্রতিক্রিয়া জানান।