সারাদেশ

ফ্যামিলি কার্ডের তালিকা নিয়ে ক্ষোভ, চুয়াডাঙ্গায় বিএনপি কার্যালয়ে ছাত্রদলের তালা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৬:৫১ পিএম

ফ্যামিলি কার্ডের তালিকা নিয়ে ক্ষোভ, চুয়াডাঙ্গায় বিএনপি কার্যালয়ে ছাত্রদলের তালা
ছবিঃ সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল ও তালিকা নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তালিকায় দীর্ঘদিনের ত্যাগী বিএনপি নেতাকর্মীদের মূল্যায়ন না করে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের পরিবারের সদস্যদের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে।

এ ঘটনার প্রতিবাদে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন ছাত্রদল ও যুবদলের একাংশের নেতাকর্মীরা।

গতকাল বুধবার (১২ আগস্ট) রাত ৮টার দিকে কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে তালা দেওয়া হয়। পরে ভিডিও বার্তায় নিজেদের অভিযোগ তুলে ধরেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। এ সময় অর্ধশতাধিক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।

নিজেকে থানা ছাত্রদলের সদস্য পরিচয় দেওয়া মোহাম্মদ আল-আমিন হোসেন অভিযোগ করেন, উপজেলা কর্তৃক পরিচালিত ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশের পর তারা তালিকায় বিভিন্ন অনিয়ম দেখতে পান। তার দাবি, কুড়ুলগাছি ইউনিয়নে প্রকাশিত তালিকায় বিএনপি, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের পরিবারের সদস্যদের নাম রয়েছে।

তিনি তালিকা তৈরিতে স্বজনপ্রীতি, অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ তুলে প্রকাশিত ফলাফল বাতিল করে নতুন করে তালিকা প্রকাশের দাবি জানান। একই সঙ্গে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট নেতাদের কাছে এ বিষয়ে ব্যাখ্যা দাবি করেন।

আরেক ছাত্রদল নেতা অভিযোগ করেন, কুড়ুলগাছি ইউনিয়ন ছাত্রদলের দীর্ঘদিনের অনেক নেতাকর্মীর নাম ফ্যামিলি কার্ডের তালিকায় রাখা হয়নি। এমনকি তিনি নিজেও সুপারভাইজার পদে পরীক্ষায় অংশ নিয়েও উত্তীর্ণ হতে পারেননি। তার অভিযোগ, আর্থিক লেনদেন ও প্রভাবের কারণে যোগ্যদের বাদ দেওয়া হয়েছে।

অভিযোগকারীরা তালিকায় থাকা কয়েকজনের নামও প্রকাশ্যে উল্লেখ করেন। তাদের মধ্যে রয়েছেন মোহাম্মদ নাসিম হোসেন, মিরাজুল ইসলাম, জাবেদ ওমর, শাহীন আলম, তানিয়া, জসিম উদ্দীন, ওমর ফারুক, তুহিন শেখ, মেহেরুন্নেসা, হাসিবুল হাসান হাবিব, লালচাদ বাদশা ও মোহাম্মদ রেজাউল পারভেজ।

অভিযোগকারীদের দাবি, তালিকায় থাকা অনেক পরিবারের রাজনৈতিক পরিচয় বিএনপির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার নেতাকর্মীদের বাদ দিয়ে ভিন্ন রাজনৈতিক পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও তারা অভিযোগ করেন।

কুড়ুলগাছি ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. শামীম হোসেন বলেন, তালিকা ও সুপারভাইজার নিয়োগে বৈষম্য করা হয়েছে বলে তারা মনে করছেন। তার দাবি, সুপারভাইজার পদে উত্তীর্ণ চারজনের মধ্যে তিনজনই আওয়ামী লীগ পরিবারের সদস্য। টাকা-পয়সা বা প্রভাবের কারণে যোগ্য নেতাকর্মীরা বাদ পড়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুর রশিদ বলেন, ফ্যামিলি কার্ড শুমারির ফলাফলে নিজেদের নাম না থাকায় ছাত্রদল-যুবদলের একাংশ বিএনপি কার্যালয়ে তালা দিয়েছে। দীর্ঘদিন নির্যাতিত ও দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত নেতাকর্মীদের নাম তালিকায় না থাকায় তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।

অভিযোগকারীরা প্রকাশিত ফলাফল পুনর্বিবেচনা, স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন তালিকা প্রণয়ন এবং অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।