সারাদেশ
গোপালগঞ্জে কীটনাশক ছিটিয়ে কৃষকের ৭০০ কলাগাছ নষ্ট, ক্ষতি ৪ লাখ
গোপালগঞ্জের মুকসুদপুরে একটি কলাবাগানে কীটনাশক ছিটিয়ে প্রায় ৭০০ কলাগাছ নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে কৃষক হুমায়ুন মোল্লার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় মুকসুদপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক।
গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে মুকসুদপুর পৌরসভার কমলাপুর গ্রামের এক একর জমির কলাবাগানে এ ঘটনা ঘটে। কৃষকের অভিযোগ, দুষ্কৃতকারীরা পচনশীল কীটনাশক ছিটিয়ে দেওয়ায় বাগানের অধিকাংশ কলাগাছ ও কলা নষ্ট হয়ে গেছে।
কৃষক হুমায়ুন মোল্লা বলেন, ঘটনার চার দিন আগে তিনি বাগানে গিয়ে একই গ্রামের মেহেদী ও রবিকে সেখান থেকে বের হতে দেখেন। এ সময় তাদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয় এবং একপর্যায়ে তারা তার ক্ষতি করার হুমকি দেয় বলে অভিযোগ করেন তিনি।
হুমায়ুন মোল্লার দাবি, ওই ঘটনার পর বৃহস্পতিবার সকালে বাগানে গিয়ে তিনি দেখতে পান, প্রায় ৭০০টি কলাগাছে কীটনাশক ছিটানো হয়েছে। এতে গাছগুলো মারা যাওয়ার পাশাপাশি গাছের কলাও পচে গেছে। এতে তার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মুকসুদপুর উপজেলা কৃষক দলের সভাপতি মিজানুর রহমান। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং তাকে সর্বাত্মক সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় কৃষক হুমায়ুন মোল্লা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মুকসুদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান জানান, সহকারী কৃষি কর্মকর্তার কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাগানের সাত শতাধিক কলাগাছে কীটনাশক ছিটানো হয়েছে এবং এতে গাছগুলো নষ্ট হয়ে গেছে বলে তিনি জানান। ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারি পর্যায় থেকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।