সারাদেশ
শাহজালাল মাজারের দানবাক্সে ৭০ লাখ টাকা, মিলেছে স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে এবার পাওয়া গেছে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা। এর সঙ্গে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রৌপ্যও পাওয়া গেছে।
আজ শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে প্রায় এক মাস চার দিন পর মাজারের তিনটি ডেগ ও তিনটি দানবাক্স খোলা হয়। পরে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয় টাকা গণনা। প্রায় ৩০ জন স্বেচ্ছাসেবী দিনভর এ গণনায় অংশ নেন।
দানবাক্সে যুক্তরাজ্যের ৩১.১১ পাউন্ড, ভারতীয় ৩ হাজার ২৪৮ রুপি, পাকিস্তানি ৬০ রুপি, সৌদি ৭০ রিয়াল, মালয়েশিয়ান ৮৩ রিঙ্গিত, মার্কিন ৪ ডলার, নেপালি ১০০ রুপি, ওমানি ১ রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের ৬৪.২২ দিরহামসহ বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে।
এ ছাড়া ইরাকি ২৫০ দিনার, তুর্কি ৯০ লিরা, ভিয়েতনামি ১ হাজার ডং, জাপানি ১ হাজার ইয়েন, কাতারি ১১২.৫০ রিয়াল, লেবানিজ ১০ পাউন্ড, মিশরীয় ১০ পাউন্ড, ০.৪০ ইউরো, বাহরাইনি ০.১ দিনার এবং কানাডিয়ান ১ ডলারও পাওয়া যায়।
দানবাক্স থেকে ২ ভরি ১ রতি স্বর্ণ এবং ১ ভরি ২ আনা রৌপ্যও উদ্ধার হয়েছে।
এবারের দানের মধ্যে বিভিন্ন ধরনের চিঠিও পাওয়া গেছে। এসব চিঠিতে পারিবারিক অশান্তি, পরিবারের সদস্যদের মাদকাসক্তি থেকে মুক্তি এবং রাজনৈতিক প্রত্যাশাসহ নানা বিষয়ে প্রার্থনার কথা উল্লেখ করা হয়েছে।