সারাদেশ

সাতক্ষীরায় বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৫:৫৭ পিএম

সাতক্ষীরায় বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
ছবিঃ সংগৃহীত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপি কার্যালয় লক্ষ্য করে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শনিবার (১৫ আগস্ট) দিনগত রাত ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও দলীয় নেতাকর্মীরা জানান, গভীর রাতে দুর্বৃত্তরা বিএনপি কার্যালয় লক্ষ্য করে পরপর চারটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে দুটি বিস্ফোরিত হলে বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে একজন আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাকি দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেন। পরে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।

ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ঢালী, সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান হাসু ও ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক রমজান আলী অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বিএনপি কার্যালয় লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, ২০২৪ সালে সরকার পতনের পর আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত কয়েকজন ব্যক্তি এলাকায় গোপনে অবস্থান করছেন। রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে তাদের কেউ এ হামলা চালিয়ে থাকতে পারেন বলে তারা অভিযোগ করেন। তবে এ দাবির স্বাধীন কোনো সত্যতা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ বিষয়ে কালিগঞ্জ থানার ওসি মো. শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। হামলার সঙ্গে কারা জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।