সারাদেশ

সুন্দরবন ভ্রমণে জাবির নারী শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ, গ্রেপ্তার ২


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৯:২২ পিএম

সুন্দরবন ভ্রমণে জাবির নারী শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ, গ্রেপ্তার ২
ছবিঃ সংগৃহীত

সুন্দরবন ভ্রমণে গিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কয়েকজন নারী শিক্ষার্থী যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করতে গিয়ে এক শিক্ষার্থী ও এক শিক্ষার্থীর স্বামী আহত হয়েছেন। এ সময় এক নারী শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণের হুমকি দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে।
 
গতকাল রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

পরে ভুক্তভোগী এক শিক্ষার্থী বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে সুজন মোড়ল (৩৪) ও হুমায়ুন কবীর ওরফে কবীর ফরাজী (৫৭) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা ও অর্থনীতি বিভাগের কয়েকজন নারী শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী ও তার স্বামীসহ কয়েকজন সুন্দরবন ভ্রমণে যান। রোববার বিকেলে তারা মোংলা থেকে মাহেন্দ্রযোগে ফকিরহাটের কাটাখালী মোড়ে পৌঁছান। সন্ধ্যায় খাবার খাওয়ার পর যশোর যাওয়ার জন্য একটি মাইক্রোবাস ভাড়া করেন তারা।

এজাহারে বলা হয়েছে, এক নারী শিক্ষার্থীর কাছে পর্যাপ্ত নগদ টাকা না থাকায় বিকাশ থেকে টাকা উত্তোলনের জন্য তিনি তার রুমমেটকে সঙ্গে নিয়ে কাটাখালী মোড়ের পুলিশ বক্সের পাশে দিগন্ত পরিবহনের সামনে যান। সেখানে হুমায়ুন কবীর ওই শিক্ষার্থীকে উদ্দেশ করে অশালীন মন্তব্য করেন এবং তার পোশাক নিয়ে কটূক্তি করেন। প্রতিবাদ করলে হাতে জুতা নিয়ে তাকে ভয় দেখানোর অভিযোগ করা হয়েছে। এ সময় সুজন মোড়লও তাদের উদ্দেশে অশালীন মন্তব্য করেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

পরে ওই শিক্ষার্থী বিষয়টি তার সঙ্গে থাকা সহপাঠীদের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে দুই ব্যক্তির কাছে এ বিষয়ে জানতে চান। এ সময় আসামিরা তাদের সঙ্গে উত্তেজিত আচরণ করেন। একপর্যায়ে হুমায়ুন কবীর এক নারী শিক্ষার্থীর নাকে সজোরে ঘুষি মেরে আহত করেন এবং অপর এক শিক্ষার্থীর স্বামীকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, সুজন মোড়ল নারী শিক্ষার্থীদের উদ্দেশে অশালীন মন্তব্য করেন এবং চারুকলা বিভাগের এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের হুমকি দেন। আসামিরা পরস্পর যোগসাজশে তাদের গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন বলেও অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় এক ভুক্তভোগী নারী শিক্ষার্থী রোববার রাত ১০টার দিকে হুমায়ুন কবীর ওরফে কবীর ফরাজী এবং সুজন মোড়লের বিরুদ্ধে ফকিরহাট মডেল থানায় মামলা করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, মামলা হওয়ার পর রাতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।