সারাদেশ
আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
জরুরি রক্ষণাবেক্ষণ ও নতুন ৩৩ কেভি লাইনের তার সংযোগের কাজের জন্য আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) নাটোরের বড়াইগ্রামের বেশ কয়েকটি এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (১৯ আগস্ট) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ৩৩ কেভি লাইনের তার সংযোগ ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬ ও ৭ নম্বর ফিডার এবং ৮ নম্বর ফিডারের আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার আওতাধীন এলাকাগুলো হলো- বনপাড়া ফজলিতলা, পার আহম্মেদপুর, আহম্মেদপুর বাজার, খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, কলাকান্ত নগর, ধানুড়া আংশিক, কায়েমকোলা, কুমরুল, রামাগাড়ি, কামারদহ, নওপাড়া, কালিকাপুরের আংশিক এলাকা, আটঘরিয়া ও বড়বড়িয়া।
তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।