সারাদেশ
কলাপাড়ায় বাল্যবিবাহের বিরুদ্ধে ঐক্যবদ্ধ শিক্ষার্থী-অভিভাবকরা
পটুয়াখালীর কলাপাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং মেয়েশিশুদের শিক্ষায় সহায়তা প্রদানের লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে কলাপাড়া উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।
আভাসের আয়োজনে এবং অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন আভাসের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মনিরুজ্জামান খান ও সাংবাদিক মেজবাহ উদ্দিন মান্নু। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আভাসের প্রজেক্ট ম্যানেজার মনিরুল ইসলাম।
সভায় বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা চালানো হয়। এ সময় উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকেরা বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতীকীভাবে লাল কার্ড প্রদর্শন করেন।
এ ছাড়া অনুষ্ঠানে পাঁচজন মেয়েশিশুকে পাঁচটি বাইসাইকেল, ১০ জন মেয়েশিশুকে পাঁচ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি এবং ১৫ জন মেয়েশিশুর পরিবারকে ১৫ হাজার টাকা করে আয়বর্ধনমূলক সহায়তা প্রদান করা হয়।
সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ বন্ধে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় প্রশাসনসহ সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি মেয়েশিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার মাধ্যমে তাদের ঝরে পড়া রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।