সারাদেশ

৯টি বিয়ে করেছেন বক্তা মিসবাহ, নেই কাবিননামা-রেজিস্ট্রেশন; আদালতে মামলা ৫ম স্ত্রীর


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৬:৫৬ পিএম

৯টি বিয়ে করেছেন বক্তা মিসবাহ, নেই কাবিননামা-রেজিস্ট্রেশন; আদালতে মামলা ৫ম স্ত্রীর
ছবি: সংগৃহীত

আলোচিত ইসলামি বক্তা ও ‘৩১৩ প্রোপার্টিজ’-এর চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান মিসবাহর বিরুদ্ধে যৌতুকের অভিযোগে মামলা করেছেন তার পঞ্চম স্ত্রী মোসা. হুমায়রা জান্নাত। বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারায় মামলাটি করা হয়।

মামলাটি আমলে নিয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল এবিএম ইবরাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে ২০২০ সালের ৪ মে শরিয়াহ অনুযায়ী হাবিবুর রহমান মিসবাহর সঙ্গে হুমায়রা জান্নাতের বিয়ে হয়। পরে ২০২৫ সালের ২১ জানুয়ারি তাদের একটি পুত্রসন্তানের জন্ম হয়।

বাদীর অভিযোগ, বিয়ের সময় মিসবাহ তার আগের চারটি বিয়ের তথ্য গোপন করেছিলেন। পরবর্তী সময়ে হুমায়রা জানতে পারেন, তাকে ছাড়াও মিসবাহ আরও চারটি বিয়ে করেছেন। অর্থাৎ তার মোট নয়টি বিয়ের তথ্য পাওয়া গেছে বলে মামলায় দাবি করা হয়েছে। এসব বিয়ের কোনোটি কাবিননামা বা নিবন্ধনের মাধ্যমে সম্পন্ন হয়নি বলেও অভিযোগ করা হয়েছে।

মামলার পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবে আদালত আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন। এর আগে হুমায়রা জান্নাত যাত্রাবাড়ী থানায় মামলা করতে গেলে তাকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী এবিএম ইবরাহিম খলিল সাংবাদিকদের বলেন, তার মক্কেল হুমায়রা জান্নাত যৌতুকের অভিযোগে মামলাটি করেছেন এবং আদালত অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন। পরবর্তী তারিখে আসামি আদালতে হাজির হলে তার বক্তব্য জানা যাবে।

আইনজীবীর ভাষ্য অনুযায়ী, ওয়াজ মাহফিল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বক্তব্যের সূত্র ধরে হুমায়রা জান্নাতের সঙ্গে মিসবাহর পরিচয় হয়। পরে তাদের মধ্যে যোগাযোগ বাড়ে এবং একপর্যায়ে বিয়ে হয়। তাদের একটি সন্তানও রয়েছে।

মামলার আবেদনে মিসবাহর একাধিক বিয়ের বিষয় উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী। একই সঙ্গে একাধিক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগও মামলায় রয়েছে বলে তিনি দাবি করেন।

আইনজীবী আরও বলেন, হাবিবুর রহমান মিসবাহ নিজেকে ইসলামি বক্তা ও ধর্মীয় জ্ঞানদাতা হিসেবে পরিচয় দেন এবং বিভিন্ন ওয়াজ মাহফিলে বক্তব্য রাখেন। তার বক্তব্যের মাধ্যমে বিভিন্ন মানুষের সঙ্গে, বিশেষ করে নারীদের সঙ্গে পরিচয় ও সম্পর্ক তৈরির অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া কাবিননামা ছাড়া বিয়ে এবং তাদের সন্তানের বিষয়েও পরবর্তী সময়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী। তবে এসব অভিযোগের বিষয়ে মাওলানা হাবিবুর রহমান মিসবাহর বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।