সারাদেশ

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৫:৪৩ পিএম

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কার
ছবি: সংগৃহীত

নড়াইলের লোহাগড়া উপজেলায় ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জিএম মাশরাফি নামে এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। তিনি লোহাগড়া সরকারি আদর্শ কলেজ শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক ছিলেন।

সোমবার (২৪ আগস্ট) রাতে নড়াইল জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রুবাইয়াত তুরশেদ শাথীল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি। বহিষ্কৃত জিএম মাশরাফি লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের বেপারীপাড়ার বাসিন্দা।

জানা গেছে, সোমবার জিএম মাশরাফির ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

তবে ভিডিও ও অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে জিএম মাশরাফির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

জেলা ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লোহাগড়া সরকারি আদর্শ কলেজ শাখার প্রচার সম্পাদক জিএম মাশরাফিকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

নড়াইল জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রুবাইয়াত তুরশেদ শাথীল এবং সদস্য সচিব মো. মামুন গাজী এ সিদ্ধান্তের নির্দেশনা দিয়েছেন।