সারাদেশ
গোলপাতার গুড় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কলাপাড়ায় চাষিদের প্রশিক্ষণ
কৃষিসমৃদ্ধ উপকূলীয় অঞ্চলে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও স্বাস্থ্যসম্মত উপায়ে গোলপাতার গুড় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় চাষিদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে প্রথম ব্যাচে ৬০ জন চাষিকে প্রশিক্ষণ দেওয়া হয়।
চাষিদের প্রশিক্ষণ উদ্বোধন করেন বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ড. রতন কুমার গণপতি, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, বিএসআরআই (বরিশাল) এবং আরও পাঁচজন বিশেষজ্ঞ।
গোলপাতার গুড় উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার চাকামইয়া, নীলগঞ্জ, টিয়াখালী, মিঠাগঞ্জ, মহিপুর ও ডালবুগঞ্জ ইউনিয়নের ২৪০ জন চাষিকে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ ও উপকরণ দেওয়া হচ্ছে। উপকরণগুলো হলো—রস জ্বাল দেওয়ার ডোঙা, কলস, লোহার দা-সহ আট প্রকারের উপকরণ।
কলাপাড়া উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন, সিপিপির সহকারী পরিচালক আসাদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী প্রমুখ।