সারাদেশ
পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে মক্কার পথে ৪৫ বছরের দুলাল
পবিত্র হজ পালনের অদম্য ইচ্ছা নিয়ে পায়ে হেঁটে সৌদি আরবের মক্কা নগরীর উদ্দেশে যাত্রা শুরু করেছেন নাটোরের সিংড়া উপজেলার দুলাল হোসেন (৪৫)। দীর্ঘদিনের স্বপ্ন পূরণে গ্রামবাসীর দোয়া নিয়ে গত ৪ আগস্ট সকালে বাড়ি থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন তিনি।
দুলাল হোসেন উপজেলার ডাহিয়া ইউনিয়নের তাড়াশ বড়ইচোরা গ্রামের মৃত মকসেদ আলী ও পিয়ারা বেগমের ছেলে। ছোটবেলা থেকেই পায়ে হেঁটে পবিত্র কাবা শরিফ তাওয়াফ ও হজ পালনের স্বপ্ন ছিল তার। সেই ইচ্ছা পূরণ করতেই দীর্ঘ ও কষ্টসাধ্য এই পথযাত্রায় বের হয়েছেন তিনি।
গত ৩ সেপ্টেম্বর বেনাপোলে পৌঁছেছেন দুলাল। পাসপোর্ট ও ভিসা হাতে পাওয়ার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করবেন বলে জানিয়েছেন তিনি। এরপর বিভিন্ন দেশ পাড়ি দিয়ে সৌদি আরবে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে তার।
দুলাল হোসেন বলেন, ‘আল্লাহর ঘরে যাওয়ার আকুলতা থেকেই আমার এই সিদ্ধান্ত। পায়ে হেঁটে হজ করতে যাওয়া কষ্টসাধ্য হলেও আল্লাহর ওপর ভরসা রেখে রওনা হয়েছি।’ নিজের সুস্থতা ও সফলভাবে হজ পালন করতে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
তিনি আরও জানান, সীমান্ত অতিক্রম করে বিভিন্ন দেশ হয়ে সৌদি আরবে পৌঁছানোর পথে যাতে কোনো আইনি বা প্রশাসনিক জটিলতা তৈরি না হয়, সে বিষয়ে সরকারের সহযোগিতা চান তিনি। পাশাপাশি পুরো যাত্রাপথে নিরাপত্তা নিশ্চিত করারও অনুরোধ জানিয়েছেন।