সারাদেশ
কাকার ভিডিওতে আর মুগ্ধতা ছড়াবে না, পুকুরে ডুবে প্রাণ গেল ছোট্ট দ্বীপের
হবিগঞ্জের বাহুবলে পানিতে ডুবে মারা গেছে জনপ্রিয় খুদে কনটেন্ট নির্মাতা দ্বীপ শীল। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মাত্র ৩ বছর ৩ মাস বয়সী শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
দ্বীপ বাহুবল উপজেলার নারিকেলতলা গ্রামের বাসিন্দা বিজয় শীলের ছেলে। পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে দ্বীপকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুর ২টা ৩৫ মিনিটে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ পাওয়া যায়।
দ্বীপের কাকা বিপ্লব শীল নিউ ভিশন কেজি অ্যান্ড হাইস্কুলের সহকারী শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি তিনি একজন জনপ্রিয় কনটেন্ট নির্মাতা। কয়েক মাস ধরে কাকার সঙ্গে বিভিন্ন সৃজনশীল ভিডিওতে অংশ নিচ্ছিল দ্বীপ। এসব ভিডিওর মাধ্যমে অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করে শিশুটি।
এ বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন তালুকদার কালবেলাকে বলেন, পানিতে ডুবে দ্বীপ শীল নামে তিন বছর বয়সী এক কনটেন্ট নির্মাতার মৃত্যু হয়েছে। পরে পারিবারিকভাবে শিশুটির শেষকৃত্য সম্পন্ন করা হয়।
দ্বীপের অকালমৃত্যুর খবর তার কাকা বিপ্লব শীলও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় শেয়ার করেন। খবরটি ছড়িয়ে পড়ার পর সেখানে শোক প্রকাশ করেন অসংখ্য মানুষ। ছোট্ট দ্বীপের সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি ও ভালোবাসার কথা তুলে ধরে মন্তব্য করেন অনেকে।