সারাদেশ

চট্টগ্রামে হামে আক্রান্ত হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু, বিদ্যালয়ে শোকের ছায়া


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫২ এএম

চট্টগ্রামে হামে আক্রান্ত হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু, বিদ্যালয়ে শোকের ছায়া
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় হামে আক্রান্ত হয়ে রাইসা তানিয়া রাধিকা নামে সপ্তম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবার, সহপাঠী ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত রাইসা তানিয়া রাধিকা দোহাজারী জামিজুরী বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে চন্দনাইশ উপজেলার জামিজুরী ঘোড়াপাড়া এলাকার মোহাম্মদ আলীর মেয়ে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৩টার দিকে অ্যাম্বুলেন্সে করে রাধিকার মরদেহ বিদ্যালয় প্রাঙ্গণে নিয়ে আসা হয়। এ সময় প্রিয় সহপাঠীর নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়ে তার সহপাঠীরা। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ উপস্থিত সবার মধ্যে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্তী জানান, প্রায় ২০ দিন আগে রাধিকা একবার অসুস্থ হয়েছিল। পরে সুস্থ হয়ে সে তার বোনের বাড়িতে বেড়াতে যায়। সেখানে যাওয়ার পর হামে আক্রান্ত হয়ে আবার অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তার মৃত্যু হয়।

প্রধান শিক্ষক আরও বলেন, রাধিকা পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও বেশ পারদর্শী ছিল। তার এমন অকালমৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সবাই শোকাহত। একজন মেধাবী শিক্ষার্থীকে হারিয়ে বিদ্যালয়ের সবাই গভীরভাবে মর্মাহত।

রাধিকার মৃত্যুর ঘটনায় তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। অল্প বয়সে একজন শিক্ষার্থীর এমন মৃত্যু স্থানীয়দেরও ব্যথিত করেছে।