সারাদেশ
১৫ ঘণ্টা পর বিএসএফের কাছ থেকে ফেরত এলেন আটক দুই পুলিশ সদস্য
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়ার প্রায় ১৫ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।
ফেরত আসা দুই পুলিশ সদস্য হলেন ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান। শুক্রবার দুপুর ১টা ৫০ মিনিটে ভারতীয় প্রশাসন বাংলাদেশের প্রতিনিধি দলের কাছে তাদের হস্তান্তর করে। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকায় সীমান্তসংলগ্ন ২০৫৯ নম্বর পিলারের কাছে মাদক উদ্ধারে অভিযান চালাতে যায় পুলিশের একটি দল। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় থাকা পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি পালানোর চেষ্টা করেন। তাকে ধাওয়া করতে গিয়ে কনস্টেবল রোহিত দেওয়ান অসাবধানতাবশত সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেন।
পরে ভারতীয় স্থানীয় বাসিন্দারা রোহিত দেওয়ানকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করেন। সহকর্মী আটকের খবর পেয়ে তাকে উদ্ধার করতে গেলে এএসআই ইমরান হোসেনও আটক হন। এ ঘটনায় সীমান্ত এলাকায় দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে যোগাযোগ শুরু হয়।
দুই পুলিশ সদস্য আটকের খবর পাওয়ার পর তাদের দেশে ফিরিয়ে আনতে বৃহস্পতিবার রাত থেকেই পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা ভারতের সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। তাদের ফিরিয়ে আনার বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলতে থাকে।
ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন বলেন, আটক দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বৃহস্পতিবার রাত থেকেই আলোচনা চলছিল। অবশেষে শুক্রবার দুপুর ১টা ৫০ মিনিটে ইমরান হোসেন ও রোহিত দেওয়ানকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় বাংলাদেশের পক্ষে পুলিশ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পতাকা বৈঠকের মাধ্যমে দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনার মধ্য দিয়ে এ ঘটনার তাৎক্ষণিক সমাধান হয়েছে। তবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হতে পারে।