সারাদেশ
দুর্গাপূজার নিরাপত্তায় সীমান্তে ২০ প্লাটুন বিজিবি, ড্রোনে চলবে নজরদারি
শারদীয় দুর্গাপূজা ঘিরে চুয়াডাঙ্গা ও মেহেরপুরের সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পূজামণ্ডপে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোট ২০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে। নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি ড্রোনের মাধ্যমেও পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় পর্যবেক্ষণ চালানো হবে।
বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সীমান্তবর্তী ২৪টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। এসব পূজামণ্ডপের মধ্যে ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে রয়েছে দুটি এবং সীমান্তের আট কিলোমিটারের মধ্যে রয়েছে ২২টি মণ্ডপ।
তিনি আরও জানান, দুর্গাপূজা চলাকালে সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সদস্যরা নিয়মিত টহল দেবেন। পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। পূজামণ্ডপ ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ব্যবহার করা হবে।
অন্যদিকে, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রাশেদ কামাল রনি জানান, কুষ্টিয়া জেলা ও মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় আরও আট প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় পাঁচ প্লাটুন এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের আশপাশের এলাকায় তিন প্লাটুন সদস্য মোতায়েন থাকবেন।
বিজিবি সূত্রে জানা গেছে, দুর্গাপূজা চলাকালে সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। পূজামণ্ডপে আগত দর্শনার্থী ও পূজারিদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে থাকবেন বিজিবি সদস্যরা।
এদিকে, বিজিবির পক্ষ থেকে সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপন এবং সীমান্তবর্তী এলাকায় নিরাপদ পরিবেশ বজায় রাখতে বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।