সারাদেশ
সুগন্ধা নদীতে মৎস্য অভিযান চলাকালে স্পিডবোটের ধাক্কা, আহত ইউএনওসহ ৯
ঝালকাঠির সুগন্ধা নদীতে মৎস্য অভিযান পরিচালনার সময় স্পিডবোট দুর্ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুণ্ডুসহ ৯ জন আহত হয়েছেন। শুক্রবার ১৬ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে নলছিটি উপজেলার কংসার দিঘির পাড়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুণ্ডু, আনসার সদস্য জসিম ও রেজাউল, স্পিডবোটচালক মো. আশরাফুল এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার্স অব নলছিটির সদস্য শাহাদাত ফকির, জিসান, মিল্লাত, সিফাত ও রায়হান।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে স্পিডবোটচালক মো. আশরাফুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় ইউএনও প্রতীক কুমার কুণ্ডুর মাথায় পাঁচটি সেলাই দিতে হয়েছে।
জেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও প্রতীক কুমার কুণ্ডুর নেতৃত্বে কংসার দিঘির পাড়সংলগ্ন সুগন্ধা নদীতে মৎস্য অভিযান চলছিল। এ সময় অভিযানে অংশ নেওয়া সদস্যরা স্পিডবোটে করে নদীতে টহল দিচ্ছিলেন।
রাত সাড়ে ৮টার দিকে স্পিডবোটটির গিয়ারে ত্রুটি দেখা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বোটটি দ্রুতগতিতে নদীর পাড়ে ধাক্কা খায়। এ সময় স্পিডবোটে থাকা ইউএনওসহ ৯ জন আহত হন।
ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক জানান, মৎস্য অভিযান পরিচালনার সময় স্পিডবোটটির গিয়ারে ত্রুটি দেখা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পাড়ে ধাক্কা খায়। এতে ইউএনওসহ অভিযানে থাকা কয়েকজন আহত হন। পরে তাদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহত স্পিডবোটচালককে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।