সারাদেশ

নারায়ণগঞ্জে পাটের গুদামে ভয়াবহ আগুন, পুড়ল ১৪টি টিনের ঘর


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পিএম

নারায়ণগঞ্জে পাটের গুদামে ভয়াবহ আগুন, পুড়ল ১৪টি টিনের ঘর
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১৪টি ছোট টিনের ঘর পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (১৭ অক্টোবর) ভোররাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২৭ নম্বর ওয়ার্ডের কুড়িপাড়া বটতলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গুদামগুলোর মালিকদের মধ্যে রয়েছেন আনোয়ার হোসেন, রাজা মিয়া, সোহেল, জয়নাল, ইমাম হোসেন ও আবু বক্কর। তাদের গুদামে সংরক্ষিত পাটসহ বিভিন্ন মালামাল আগুনে পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় প্রায় ১৪টি টিনের ঘর পুড়ে গেছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় প্রায় এক কোটি টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর না থাকলেও আগুনে গুদাম ও মালামাল ক্ষতিগ্রস্ত হওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে প্রয়োজনীয় তদন্ত করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।