সারাদেশ

দুর্গাপূজায় বান্দরবানে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পিএম

দুর্গাপূজায় বান্দরবানে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বান্দরবানে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বান্দরবান সেক্টরের দায়িত্বপূর্ণ এলাকায় ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা কার্যক্রম জোরদার করতে স্থাপন করা হয়েছে ছয়টি বেইজ ক্যাম্প। পাশাপাশি টহলের সময় বডি-অন ক্যামেরা ব্যবহারের পাশাপাশি মোতায়েন করা হয়েছে ডগ স্কোয়াড ও মাইন সুইপিং টিম।

শনিবার (১৭ অক্টোবর) বান্দরবান বিজিবি সেক্টর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। এ পরিকল্পনার আওতায় পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং সম্ভাব্য ঝুঁকি শনাক্ত করার কার্যক্রম পরিচালনা করা হবে। একই সঙ্গে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজিবির তথ্য অনুযায়ী, বান্দরবান সেক্টর সদর দপ্তর এবং এর অধীন রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি), বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) ও আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় মোট নয়টি পূজামণ্ডপের নিরাপত্তায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া সারা দেশে মোট ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে বিজিবি সদস্যরা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার নিরাপত্তায় নিয়োজিত থাকবেন বিজিবি সদস্যরা। এ সময়ে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা সতর্ক অবস্থানে থাকবেন। পাশাপাশি গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে, যাতে উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।

নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপের বিষয়ে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। কোথাও সন্দেহজনক কিছু নজরে এলে নিকটস্থ বিজিবি ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত অবহিত করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

বিজিবি জানিয়েছে, দুর্গাপূজা চলাকালে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে ধর্মীয় উৎসবটি শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপন করা যায়।