সারাদেশ

শারদীয় দুর্গোৎসব হবে আনন্দমুখর ও নিরাপদ: এমপি জিন্নাহ কবির


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পিএম

শারদীয় দুর্গোৎসব হবে আনন্দমুখর ও নিরাপদ: এমপি জিন্নাহ কবির
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের এবারের শারদীয় দুর্গোৎসব আনন্দমুখর ও নিরাপদ পরিবেশে উদ্‌যাপিত হবে। এ উৎসব নির্বিঘ্ন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, তার নির্দেশনা বাস্তবায়নে তাঁরা বদ্ধপরিকর।

শনিবার দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির। তাঁর ব্যক্তিগত অর্থায়নে শিবালয় উপজেলা বিএনপির কার্যালয় থেকে এ বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জিন্নাহ কবির বলেন, ‘ধর্ম যার যার, দেশ সবার। যেকোনো সময়ের তুলনায় সনাতন ধর্মাবলম্বীরা এখন অনেক স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে আছেন। আমরা সব সময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব। অনেকে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশকে এগিয়ে নিতে হবে।’

তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা জোরদার করা জরুরি। শারদীয় দুর্গোৎসব যেন সবাই নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে উদ্‌যাপন করতে পারেন, সে জন্য পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানে সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের সহধর্মিণী ও বিশিষ্ট সমাজসেবক শায়লা কবির আনুষ্ঠানিকভাবে বস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় পূজামণ্ডপের সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।

শিবালয় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. রহমত আলী লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্যের কনিষ্ঠ কন্যা উদিতা কবির এবং মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন।

এ সময় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সম্প্রীতি বজায় রাখা এবং দুর্গোৎসব উদ্‌যাপনে সহযোগিতার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

শিবালয়ে বস্ত্র বিতরণ কর্মসূচি শেষে ঘিওর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপেও বস্ত্র বিতরণ করা হয়। আয়োজকেরা জানান, দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়ানো এবং উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে।