সারাদেশ
হাসপাতালে দেরিতে উপস্থিতি, চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার আহ্বান হুইপ দুলুর
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নির্ধারিত সময়ে উপস্থিত না হওয়া চিকিৎসক ও কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। অনুপস্থিত চিকিৎসক ও কর্মচারীদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়ার পাশাপাশি প্রয়োজনে সাময়িক বরখাস্তের ব্যবস্থাও নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
হাসপাতাল পরিদর্শনকালে চিকিৎসক ও কর্মচারীদের নির্ধারিত সময়ে উপস্থিত না থাকার বিষয়টি নজরে এলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। হুইপ দুলু জানান, সকাল ৮টার মধ্যে হাসপাতালে উপস্থিত থাকার কথা থাকলেও সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত অপেক্ষা করেও অনেক চিকিৎসককে পাওয়া যায়নি। সরকারি দায়িত্ব পালনে এমন অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।
এ পরিস্থিতিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা তাঁর দায়িত্ব। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা যেন যথাসময়ে প্রয়োজনীয় সেবা পান, তা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে বলেও জানান তিনি।
হুইপ দুলু আরও বলেন, সরকারি বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা গ্রহণের পরও যাঁরা নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত হয়ে রোগীদের সেবা দেবেন না, তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। এ জন্য তিনি নাটোরের সিভিল সার্জনকে অনুপস্থিত চিকিৎসক ও কর্মচারীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পাশাপাশি পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে সাময়িক বরখাস্তের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
হাসপাতালের বাথরুম ও শৌচাগারের অপরিচ্ছন্নতা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন জাতীয় সংসদের এই হুইপ। তিনি বলেন, হাসপাতালের বাথরুম ও শৌচাগার অপরিষ্কার থাকলে রোগীদের স্বাস্থ্যঝুঁকি আরও বেড়ে যেতে পারে। চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখাও অত্যন্ত জরুরি। এ কারণে হাসপাতালের সব স্থানে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিদর্শনকালে নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান, হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মাহাবুবুর রহমানসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
হাসপাতালে চিকিৎসক ও কর্মচারীদের সময়ানুবর্তিতা নিশ্চিত করা, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং রোগীদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।