সারাদেশ

মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, সাত ঘণ্টা পর মরদেহ উদ্ধার


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পিএম

মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, সাত ঘণ্টা পর মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় সাত ঘণ্টা পর শিমুল হোসেন (৩৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার খাদিমপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মাথাভাঙ্গা নদী থেকে স্থানীয়দের সহায়তায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


নিহত শিমুল হোসেন আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের গাংপাড়ার বাসিন্দা কলিম উদ্দিন গাইনের একমাত্র ছেলে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার বেলা ১টার দিকে বাড়ির পাশের মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নামেন শিমুল। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে শুরু করেন। পরে স্থানীয় বাসিন্দারাও খোঁজাখুঁজিতে যোগ দেন। প্রায় সাত ঘণ্টা পর সন্ধ্যার দিকে নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।


আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।