সারাদেশ
দুর্গামন্দিরে আরতি দিতে গিয়ে হঠাৎ লুটিয়ে পড়ে নারীর মৃত্যু
রংপুরের বদরগঞ্জে দুর্গাপূজার আনুষ্ঠানিকতায় আরতি দিতে গিয়ে অর্চনা রানী নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার রামনাথপুর ইউনিয়নের নামাপাড়া দুর্গামন্দিরে এ ঘটনা ঘটে। আরতি দেওয়ার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
মৃত অর্চনা রানী উপজেলার রামনাথপুর ইউনিয়নের নামাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি গোপাল চন্দ্র সরকারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে নামাপাড়া দুর্গামন্দিরে দুর্গোৎসবের বিভিন্ন আনুষ্ঠানিকতা চলছিল। এ সময় মন্দিরে উপস্থিত ছিলেন অর্চনা রানী। তিনি প্রথমে দর্শকসারিতে বসে বাদ্যযন্ত্রের তালে তালে আরতি উপভোগ করছিলেন। একপর্যায়ে নিজেও আরতিতে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। পরে দর্শকসারি থেকে উঠে আরতি দিতে এগিয়ে যান। আরতি দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। উপস্থিত লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
অর্চনা রানীর স্বামী গোপাল চন্দ্র সরকার জানান, তার স্ত্রীর উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। এ ছাড়া ঘটনার দিন তিনি সারাদিন উপবাস করেছিলেন। তবে এসব কারণে তার মৃত্যু হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।
এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।
তবে অর্চনা রানীর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।