সারাদেশ
প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর ঘিরে কঠোর নিরাপত্তা
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করতে আজ চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রধানমন্ত্রীর সামনে চট্টগ্রামের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের ঐতিহ্য তুলে ধরতে বিশেষ প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে জেলাজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
সোমবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী জেএম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন এবং সার্বিক প্রস্তুতি তদারক করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম। পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজামণ্ডপের প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা এবং প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নেওয়া বিভিন্ন আয়োজনের খোঁজখবর নেন।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য। এটি আমাদের অহংকার, আমাদের শক্তি। এই সম্প্রীতির চিত্র আমরা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরতে চাই।’ তিনি আরও জানান, দুর্গোৎসবকে আনন্দঘন ও সুশৃঙ্খলভাবে উদ্যাপন এবং প্রধানমন্ত্রীর সফর সফল করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি জেএম সেন হলের পূজামণ্ডপে যাবেন। সেখানে মন্দির পরিদর্শনের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করবেন। এ সময় ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ, আর্থিক সহায়তার চেক বিতরণ এবং বক্তব্য দেওয়ার কর্মসূচিও রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে চট্টগ্রামে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ, এসআরবি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে। সফরস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেএম সেন হলের পূজামণ্ডপকে সাজিয়ে তোলা হচ্ছে। সৌন্দর্যবর্ধনের পাশাপাশি নৃত্য, গীতাপাঠসহ বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব আয়োজনের মাধ্যমে দুর্গোৎসবের আনন্দ আরও বাড়ানোর পাশাপাশি চট্টগ্রামের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সনাতন সম্প্রদায়ের মানুষের মধ্যে বিশেষ উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। উৎসবকে আরও আনন্দমুখর করে তুলতে এবং চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরতে জেলা প্রশাসন ও পূজা উদ্যাপন কমিটি যৌথভাবে কাজ করছে। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় প্রধানমন্ত্রীর সফর সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।