সারাদেশ

ভারতে যাওয়ার পথে তামাবিল ইমিগ্রেশনে গ্রেফতার আওয়ামী লীগ নেতা কামাল আহমদ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পিএম

ভারতে যাওয়ার পথে তামাবিল ইমিগ্রেশনে গ্রেফতার আওয়ামী লীগ নেতা কামাল আহমদ
ছবি: সংগৃহীত

চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পথে সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল আহমদকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন নেতা।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কামাল আহমদ চিকিৎসা ভিসায় ভারতে যাওয়ার উদ্দেশ্যে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে গেলে তার পাসপোর্টের তথ্য যাচাই করা হয়। এ সময় পাসপোর্টটি ‘ব্লকড’ থাকার বিষয়টি শনাক্ত করেন ইমিগ্রেশন পুলিশের সদস্যরা। পরে তাকে আটক করে জৈন্তাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পরবর্তী সময়ে জৈন্তাপুর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এরপর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে ওই মামলায় তার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

কামাল আহমদ এর আগেও বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলায় গ্রেফতার হয়েছিলেন। তিনি জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করার পাশাপাশি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এদিকে কামাল আহমদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তার পরিবার। পারিবারিক সূত্রের দাবি, তিনি দীর্ঘদিন ধরে লিভারের সংক্রমণসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য এর আগেও তিনি ভারতে গিয়েছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে আবারও চিকিৎসা নিতে ভারতে যাওয়ার পরিকল্পনা করেন। সে অনুযায়ী চিকিৎসা ভিসা নিয়ে যাওয়ার সময়ই ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন তিনি।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, গত মাসে জৈন্তাপুর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় কামাল আহমদকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।