সারাদেশ

শ্বশুর বাড়িতে ৫০০ বস্তা চাল মজুদ করে ধরা খেলেন জামাই!


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০৭:৩৭ পিএম

শ্বশুর বাড়িতে ৫০০ বস্তা চাল মজুদ করে ধরা খেলেন জামাই!
ভ্রাম্যমান আদালতের অভিযান। ছবি: ঢাকাপ্রকাশ

নওগাঁর বদলগাছীতে শ্বশুরবাড়িতে অবৈধভাবে ৫০০ বস্তা চাল মজুদ করে ধরা পড়েছেন শিবলু হোসেন নামে এক যুবক। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে ওই অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার আতিয়া খাতুন।

জানা গেছে, শিবলু তার শ্বশুর জাহিদুল ইসলামের বাড়িতে প্রায় দুই মাস ধরে মজুদ করে রেখেছিলেন উন্নত জাতের আতপ চাল। কিন্তু চাল মজুদের জন্য প্রয়োজনীয় কোনো বৈধ লাইসেন্স ছিল না তার কাছে। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুনের নেতৃত্বে চালানো হয় অভিযান। অভিযানের সময় বাড়ির তালা খুলে ভেতরে ঢুকতেই চোখে পড়ে বিপুল পরিমাণ চালের বস্তা—যার সংখ্যা ৫০০।

সহকারী কমিশনার আতিয়া খাতুন জানান, লাইসেন্স ছাড়া এত বিপুল পরিমাণ চাল মজুদ করায় তাৎক্ষণিকভাবে সেগুলো জব্দ করা হয়েছে। শিবলুর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হবে এবং মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চালগুলো স্থানীয় থানার হেফাজতে থাকবে।

অভিযানে প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

খাদ্য কর্মকর্তা মিজানুর রহমান জানান, শিবলু হোসেন দীর্ঘদিন ধরে কীটনাশকের ব্যবসার আড়ালে ওপেন মার্কেটের চাল মজুদ করে তা চড়া দামে বাজারে বিক্রি করতেন। এতে এলাকায় কৃত্রিম সংকট সৃষ্টি হতো এবং সাধারণ মানুষকে পড়তে হতো চরম ভোগান্তিতে।

তিনি আরও বলেন, “চালগুলো সিলগালা করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

স্থানীয়দের অভিযোগ, শিবলুর মতো অসাধু ব্যবসায়ীরা বাজার নিয়ন্ত্রণের নামে এই ধরনের অপকর্ম করে আসছে দীর্ঘদিন ধরে।