সারাদেশ

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মান্নান তালুকদার মারা গেছেন


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১২:৪১ পিএম

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মান্নান তালুকদার মারা গেছেন
আব্দুল মান্নান তালুকদার। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল মান্নান তালুকদার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৮ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবীণ রাজনীতিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক শেখ মো. এনামুল হক। তিনি জানান, জানাজা ও দাফনের সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

আব্দুল মান্নান তালুকদার ছিলেন সিরাজগঞ্জ জেলার ধুবিল ইউনিয়নের কাটার মহল পরগনার সম্ভ্রান্ত জমিদার পরিবারের সন্তান। ১৯৩৬ সালের ২ মার্চ জন্ম নেওয়া এই নেতা ১৯৫৪ সালে ম্যাট্রিক পাস করে সিরাজগঞ্জ সরকারি কলেজে ভর্তি হন এবং ছাত্ররাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবনে যুক্ত হন। কলেজ ছাত্র সংসদে সমাজসেবা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবনের পাশাপাশি তিনি “সোনালী আঁশ” নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং দীর্ঘদিন সফলভাবে পরিচালনা করেন। একইসঙ্গে একজন স্বনামধন্য প্রথম শ্রেণির ঠিকাদার হিসেবেও ছিলেন পরিচিত।

রাজনৈতিক জীবনে তিনি বিএনপি থেকে নির্বাচনে অংশ নিয়ে ১৯৯১, ফেব্রুয়ারি ১৯৯৬, জুন ১৯৯৬ এবং ২০০১ সালে পরপর চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে পরাজিত হন।

তার মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।