সারাদেশ
নাটোরে রেললাইনে শিকল পেঁচিয়ে নাশকতার চেষ্টা, বড় দুর্ঘটনা থেকে রক্ষা
নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলস্টেশনের পাশে রেললাইনে শিকল পেঁচিয়ে তালা লাগিয়ে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার (৩ আগস্ট) রাত ১০টার দিকে মাধনগরের দক্ষিণ পাশে পলাশীতলা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিকল কেটে ফেলায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এক পথচারী প্রথমে রেললাইনে লোহার শিকল প্যাঁচানো ও তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। তিনি তাৎক্ষণিকভাবে স্থানীয়দের জানান এবং বিষয়টি পুলিশ ও স্টেশন কর্তৃপক্ষকেও অবগত করেন। পরে নওগাঁর আত্রাই থেকে ডেকে আনা এক মিস্ত্রির সহায়তায় শিকল কেটে ফেলা হয়। শিকল ও তালাটি বর্তমানে মাধনগর স্টেশন কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষিত রয়েছে।
এ ঘটনার প্রভাবে সীমান্ত এক্সপ্রেস ট্রেন ৩ ঘণ্টা, নীলসাগর এক্সপ্রেস ২ ঘণ্টা এবং একতা এক্সপ্রেস ৩০ মিনিট বিলম্বে চলাচল করে। তবে বর্তমানে রেল চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নাটোরের সহকারী স্টেশন মাস্টার শামসুন্নাহার বেগম বলেন, “বিষয়টি আমরা রেলওয়ে কর্তৃপক্ষ ও থানাকে অবহিত করেছি। তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে।”
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, “ঘটনাস্থল রেলওয়ে পুলিশের এখতিয়ারভুক্ত হলেও আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত নাশকতার অংশ হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
স্থানীয়রা মনে করছেন, এটি পূর্বপরিকল্পিত একটি ঘটনা এবং এর পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তারা।