সারাদেশ
মাদকসহ আওয়ামী লীগ সমর্থিত রাসিকের সাবেক কাউন্সিলর গ্রেপ্তার
রাজশাহী মহানগরীর তালাইমারী এলাকা থেকে মাদকসহ আট মামলার পলাতক আসামি এবং রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) ১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত সাবেক কাউন্সিলর রেজা উন-নবী আল মামুনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (৮ আগস্ট) রাতে রাজশাহী মহানগরীর তালাইমারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, তালাইমারী মোড়ে জনবহুল এলাকায় দ্রুতগতিতে গাড়ি চালানোর সময় রেজা আল মামুনের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপরে উঠে যায়। এতে ক্ষুব্ধ জনতা তার গাড়ি ঘিরে ধরলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কা সৃষ্টি হয়। ওই সময় দ্রুত র্যাবের টহল দল ঘটনাস্থলে এসে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের সময় তার ব্যাগ থেকে ৬ পিস ইয়াবা, ১ পুরিয়া গাঁজা ও নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল মামুন মাদক সেবনের কথা স্বীকার করেন।
র্যাব আরও জানায়, আল মামুনের বিরুদ্ধে মাদকসেবনের অভিযোগ পূর্বেও ছিল এবং বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মোট ৮টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মতিহার থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।