সারাদেশ

জবই বিলে পর্যটকদের জন্য ছায়াময় পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচি


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৮ পিএম

জবই বিলে পর্যটকদের জন্য ছায়াময় পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচি
ছবি: ঢাকাপ্রকাশ

নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহাসিক জবই বিলের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পর্যটকদের জন্য ছায়াময় পরিবেশ নিশ্চিত করতে ‘জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজকল্যাণ সংস্থা’ বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোপালপুর রোডের দু’পাশে কড়ই, বট, আম, জাম, ছাতিম, দেবদারু ও অর্জুনসহ বিভিন্ন প্রজাতির ছায়াদার ও পরিবেশবান্ধব গাছ রোপণ করা হয়। এসব বৃক্ষ কেবল প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করবে না, বরং স্থানীয় পাখিদের জন্য নিরাপদ আবাসস্থল এবং পর্যটকদের জন্য আরামদায়ক পরিবেশ তৈরি করবে।

কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষার্থী ও পরিবেশপ্রেমী নাগরিকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন সাপাহার থানার অফিসার ইনচার্জ আব্দুল আজিজ, উপজেলা সমাজসেবা অফিসার মো. দেলোয়ার হোসেন, গৌরবপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম, সংস্থার সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক কারিম, প্রচার সম্পাদক তৌফিকুর রহমানসহ অন্যান্য সদস্য ও স্থানীয়রা।

সংস্থার সভাপতি ফরহাদ হোসেন বলেন, ‘আমরা শুধু গাছ লাগাচ্ছি না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই ও জীবন্ত পরিবেশ গড়ে তুলতে কাজ করছি।’

এ বিষয়ে উপজেলা সমাজসেবা অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, ‘এমন সামাজিক উদ্যোগ স্থানীয় জনগণকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করে, যা টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য।’