সারাদেশ
জিএপি সনদ পেলেন সাপাহারের আমচাষী, খুলল রপ্তানির দুয়ার
রপ্তানিযোগ্য নিরাপদ আম উৎপাদনের স্বীকৃতি স্বরূপ Bangladesh GAP সনদ অর্জন করলেন নওগাঁ জেলার সাপাহার উপজেলার একজন অগ্রণী আমচাষী। তিনি এই সনদপ্রাপ্ত জেলার প্রথম কৃষক, যা জেলার কৃষিখাতে একটি নতুন দিগন্তের সূচনা করেছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সনদ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এর গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। সার্টিফিকেট তুলে দেন ডিএই নওগাঁর উপপরিচালক মো. আবুল কালাম আজাদ এবং সাপাহার উপজেলা কৃষি অফিসার মোছা: শাপলা খাতুন।
এছাড়াও উপস্থিত ছিলেন- মো. রেজাউল করিম, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান), ডিএই ডিডি অফিস, নওগাঁ, মো. মেহেদুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ), মো. মনিরুজ্জামান, অতিরিক্ত কৃষি অফিসার, সাপাহার, শামসুন নাহার সুমী, কৃষি সম্প্রসারণ অফিসার।

Bangladesh GAP (Good Agricultural Practices) সনদ এমন কৃষকদের প্রদান করা হয় যারা আন্তর্জাতিক মান অনুযায়ী নিরাপদ এবং টেকসই কৃষিপণ্য উৎপাদন করে থাকেন। এই সার্টিফিকেট প্রাপ্তির মাধ্যমে তিনি এখন বিশ্ববাজারে নিরাপদ আম রপ্তানির জন্য স্বীকৃত ও প্রস্তুত।
সার্টিফিকেটপ্রাপ্ত কৃষক সোহেল রানা বলেন, “এই অর্জনের পেছনে অনেক শ্রম, ধৈর্য ও সহযোগিতার দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে। বিশেষ কৃতজ্ঞতা জানাই সাপাহার উপজেলা কৃষি অফিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প, পার্টনার প্রকল্প এবং ডিএই ডিডি অফিস, নওগাঁকে।”
এই স্বীকৃতি জেলার অন্যান্য আমচাষীদেরও নিরাপদ ও রপ্তানিযোগ্য আম উৎপাদনে অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন।