সারাদেশ

নওগাঁ সীমান্তে ১৬ জনকে পুশ-ইন করলো বিএসএফ


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১০ পিএম

নওগাঁ সীমান্তে ১৬ জনকে পুশ-ইন করলো বিএসএফ
নওগাঁ সীমান্তে ১৬ জনকে নওগাঁ সীমান্তে পুশ-ইন করলো বিএসএফ। ছবি: ঢাকাপ্রকাশ

নওগাঁর পত্নীতলা উপজেলার শীতলমাঠ সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ১৬ জন বাংলাদেশি নাগরিককে পুশ-ইন করেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে সীমান্ত পার করে তাদের বাংলাদেশে পুশ-ইন করে বিএসএফ। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহল দলের সদস্যরা তাদের আটক করে পত্নীতলা থানায় হস্তান্তর করে।

১৪ বিজিবির সদর দপ্তর, পত্নীতলা ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোরবেলা পত্নীতলা ব্যাটালিয়নের অধীনস্থ শীতলমাঠ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২৫৪/১-এস এর নিকট দিয়ে বিএসএফ ওই ১৬ জনকে বাংলাদেশে ঠেলে দেয়। পরে বিজিবির একটি টহল দল ঘুরকী গ্রামের পাকা রাস্তার পাশের একটি চায়ের দোকানের নিকট থেকে তাদের আটক করে।

বিজিবি জানায়, আটককৃতরা সবাই বাংলাদেশের নাগরিক এবং তাদের স্থায়ী ঠিকানা পাবনা জেলায়। আটককৃতদের মধ্যে রয়েছেন ৭ জন পুরুষ, ৪ জন নারী এবং ৫ জন শিশু।

পত্নীতলা থানায় তাদের হস্তান্তরের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।