সারাদেশ
বগুড়ায় আদালত থেকে পালানো আসামি গ্রেফতার, দায়িত্বে অবহেলায় ৬ পুলিশ প্রত্যাহার
বগুড়ায় আদালত থেকে পালানো জোড়া হত্যা মামলার হাজতি আসামি রফিকুল ইসলাম (৪০) অবশেষে পুনরায় গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ডিবি পুলিশের একটি দল আদমদিঘী উপজেলার বাগিচাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
ডিবির ইনচার্জ ইন্সপেক্টর মো. ইকবাল বাহারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত ও গ্রেফতার করা হয়।
রফিকুল ইসলাম বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চকপাড়া গ্রামের নছির আকন্দের ছেলে।
এদিকে, এই ঘটনায় দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় আদালত পুলিশের ৬ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তারা হলেন- আদালত হাজতখানার ইনচার্জ এটিএসআই গোলাম কিবরিয়া, আতাহার আলী, আব্দুর রাজ্জাক, কনস্টেবল দেলোয়ার হোসেন, দুলাল মিয়া ও জাকির হাসান।
ঘটনার বিষয়ে আদালতের উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন।
উল্লেখ্য, গতকাল সোমবার বিকেল ৪টার দিকে বগুড়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে জেলা কারাগারে নেওয়ার প্রাক্কালে রফিকুল ইসলাম কৌশলে পালিয়ে যায়। পালানোর সময় তার হাতে কোনো হ্যান্ডকাফ ছিল না। পুলিশ জানায়, সে কৌশলে হ্যান্ডকাফ খুলে পালিয়ে যায়।