সারাদেশ

বগুড়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৩ জনের


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৪ পিএম

বগুড়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৩ জনের
ছবি: সংগৃহীত

বগুড়ার সারিয়াকান্দিতে সিএনজিচালিত অটোরিকশা ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুই সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে বগুড়া-সারিয়াকান্দি সড়কের ফুলবাড়ী কাঁঠালতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধার সাঘাটা উপজেলার কুঠিবাড়ি গ্রামের বিপুল চন্দ্র দাস (৩৮), তার পাঁচ বছরের ছেলে বিপ্লব চন্দ্র দাস এবং অটোরিকশার চালক শুকুর আলী (৪০), যিনি শিবগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিপুলের স্ত্রী মমতা রানী দাস (৩২) ও কন্যা রূপা মনি দাস (১২)। তারা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম জানান, দুর্ঘটনার সময় বিপুল চন্দ্র দাস তার পরিবার নিয়ে ঢাকায় কর্মস্থল থেকে দুর্গাপূজার ছুটিতে শ্বশুরবাড়ি, সারিয়াকান্দির নারচী গ্রামে যাচ্ছিলেন। সকালে তারা ঢাকা থেকে বাসে বগুড়া পৌঁছান এবং সেখান থেকে অটোরিকশায় করে নারচীর উদ্দেশ্যে রওনা দেন।

যাত্রাপথে ফুলবাড়ী কাঁঠালতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই চালক শুকুর আলী মারা যান। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বিপুল ও তার শিশু পুত্র বিপ্লব মারা যান।

দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।