সারাদেশ

তারেক রহমানের নির্দেশে নওগাঁ জেলা যুবদলের মনিটরিং সেল গঠন


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৭ পিএম

তারেক রহমানের নির্দেশে নওগাঁ জেলা যুবদলের মনিটরিং সেল গঠন
নওগাঁ জেলা যুবদলের মনিটরিং সেল গঠন। ছবি: ঢাকাপ্রকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষ্যে নওগাঁ জেলা যুবদল গঠন করেছে একটি বিশেষ মনিটরিং সেল।

রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে নওগাঁ শহরের পুরাতন কাঠহাটি ও তাজের মোড়ে এক সভায় এ সেলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের পূজা উদযাপনকালীন সময়ে নিরাপত্তা, সহযোগিতা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে এই সেল কার্যকর ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন যুবদল নেতৃবৃন্দ।

জেলা যুবদলের পক্ষ থেকে জানানো হয়, আমরা সব ধর্মের মানুষের সহাবস্থানে বিশ্বাসী। দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে হয়, সেটিই আমাদের প্রধান লক্ষ্য। মনিটরিং সেলের সদস্যরা বিভিন্ন পূজা মণ্ডপ নিয়মিত পরিদর্শন করবেন এবং প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন বলেও জানানো হয়। 

এ সময় উপস্থিত ছিলেন- নওগাঁ সদর উপজেলা বিএনপি’র সভাপতি দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা, নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোস্তাক আহম্মেদ নিপু, রুবেল হোসেন, ময়নুল হক লিটন। এছাড়াও ছিলেন জেলা যুবদল সদস্য - মিছিল, বাবু, আনোয়ার, নিশান, শামিম, সনি, সজল, অপু, রাসেল, জেমস, এমদাদ, সুমনসহ যুবনেতা মিতু ও জর্ন।

জেলা যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় নির্দেশনার আলোকে জেলার অন্যান্য উপজেলা ও পৌর এলাকায়ও একই ধরনের মনিটরিং সেল গঠনের কাজ চলমান রয়েছে।