সারাদেশ

নওগাঁয় ভটভটি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ইউপি চেয়ারম্যানের


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০৫:১১ পিএম

নওগাঁয় ভটভটি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ইউপি চেয়ারম্যানের
নিহত হাবিবুর রহমান মিন্টু। ছবি: ঢাকাপ্রকাশ

নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান মিন্টু নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকাল প্রায় পৌনে ৩টার দিকে নজিপুর নতুনহাট থেকে দোচাই গ্রামীণ সড়কের রামজীবনপুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলযোগে যাওয়ার সময় একটি খড়িবাহী ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রবীণ এই জনপ্রতিনিধি নজিপুর ইউনিয়নের দুইবারের সফল চেয়ারম্যান ছিলেন। তিনি বিএনপির পত্নীতলা থানার সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বড়শি দিয়ে মাছ শিকারের উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হন। পথিমধ্যে দুর্ঘটনার কবলে পড়েন।

নিহতের মৃত্যুর খবরে পুরো জেলা উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ ভিড় করছেন প্রিয় চেয়ারম্যান মিন্টুকে শেষবারের মতো দেখার জন্য।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া চলছে।”

হাবিবুর রহমান মিন্টুর জানাজার নামাজ আগামীকাল শুক্রবার (৩ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে নজিপুর পাবলিক মাঠে অনুষ্ঠিত হবে। তার পরিবার ও স্থানীয় নেতৃবৃন্দ ধর্মপ্রাণ মুসলমানদের জানাজায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু জানান, নওগাঁর পত্নীতলায় ইউপি চেয়ারম্যান ও বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান মিন্টুর আকস্মিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে তার পরিবার, এলাকাবাসী এবং রাজনৈতিক সহকর্মীদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়। একজন জনপ্রিয় ও পরপর দুইবার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে তিনি যে সেবামূলক ভূমিকা পালন করেছেন, তা নজিপুর ইউনিয়নের মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই দুঃখজনক ঘটনার প্রেক্ষিতে পুরো এলাকায় যে শোকের ছায়া নেমে এসেছে, তা প্রমাণ করে তিনি কতটা জনপ্রিয় ও ভালোবাসার মানুষ ছিলেন। মানুষের পাশে থাকা, সৎ ও নিরলসভাবে কাজ করা একজন জনপ্রতিনিধির এমন করুণ মৃত্যু শুধু একটি পরিবারের নয়, বরং একটি সমাজেরই ক্ষতি। তার আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।