সারাদেশ

নওগাঁয় নদীতে প্রতিমা বিসর্জনের সময় নিখোঁজ কিশোরের ২৪ ঘন্টা পর মরদেহ উদ্ধার


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ০৭:২৮ পিএম

নওগাঁয় নদীতে প্রতিমা বিসর্জনের সময় নিখোঁজ কিশোরের ২৪ ঘন্টা পর মরদেহ উদ্ধার
ছবি: ঢাকাপ্রকাশ

নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের সময় নিখোঁজ হওয়া রনি চন্দ্র পাল (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের একদিন পর শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা সদরের সাবেক ব্রিজের দক্ষিণ পাশে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শিবগঞ্জ এলাকায় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রনি মান্দা উপজেলার মদনচক বানডুবি গ্রামের রঞ্জিত চন্দ্র পালের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে রনি তার ফুফুর বাড়ি মহাদেবপুর উপজেলার কুঞ্জবনে বেড়াতে যায়। সেখানে ফুফাতো ভাই প্রান্তজিৎ হালদারের সঙ্গে কুঞ্জবন শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দিরের প্রতিমা বিসর্জনের নৌকায় ওঠে। শিবগঞ্জ এলাকায় পৌঁছালে হঠাৎ করে নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে রনি নদীতে পড়ে যায় এবং নিখোঁজ হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করে। প্রথম দিনে তার সন্ধান না মিললেও শুক্রবার সকাল থেকে পুনরায় অভিযান শুরু হয়। সন্ধ্যার দিকে নদীর দক্ষিণ পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা জানান, নদীতে ডুবে নিখোঁজের একদিন পর কিশোর রনির মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।