সারাদেশ
নওগাঁয় খাবার খেয়ে মাদ্রাসার অর্ধশতাধিক শিক্ষার্থী হাসপাতালে
নওগাঁর পোরশা উপজেলার ‘আল-জামিয়া আল-আরাবিয়া দারুল হিদায়াহ’ মাদ্রাসার অর্ধশতাধিক শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অসুস্থ শিক্ষার্থীদের বয়স ৮ থেকে ২০ বছরের মধ্যে। সবাই হেফজ, কুতুবখানা ও পাঠাগার বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটিতে প্রায় ১,৬০০ জন আবাসিক শিক্ষার্থী ও প্রায় শতাধিক শিক্ষক-কর্মচারী রয়েছে। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও শিক্ষার্থীরা রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। রাতের খাবারে ছিল ভাত, সবজি, মাছের তরকারি ও ডাল।
মধ্যরাতের পর থেকেই কয়েকজন শিক্ষার্থী পেটে ব্যথা অনুভব করতে থাকেন। পরে শুরু হয় বমি ও ডায়রিয়া। প্রথমে গুরুতর অসুস্থ অবস্থায় ২০ জন শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর সারাদিনে অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬৩ জনে। তাদের পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা মোস্তাফিজুর রহমান বলেন, সবাই একই ধরনের খাবার খেয়েছে। আমাদের ধারণা, ডাল বা তরকারিতে কোনোভাবে বিষক্রিয়া হয়েছে। খাবার খাওয়ার পর থেকেই অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে মাদ্রাসা কর্তৃপক্ষ আজ থেকে আগামী ১০ দিনের জন্য প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করেছে।
পোরশা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজির আহম্মেদ বলেন, খাবার গ্রহণের পরই শিক্ষার্থীরা অসুস্থ হতে শুরু করে। প্রত্যেকের একই রকম উপসর্গ ছিল – মূলত ডায়রিয়া ও পেটের সমস্যা। খাবারজনিত বিষক্রিয়াই এর প্রধান কারণ বলে ধারণা করছি।
এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।