সারাদেশ
বগুড়ার ৪ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকেত দিলেন তারেক রহমান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনীতির মাঠে যখন জল্পনা-কল্পনা তুঙ্গে, ঠিক তখনই বগুড়ার সাতটি সংসদীয় আসনের মধ্যে চারটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকেত দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতের দিকে লন্ডন থেকে ফোনে তিনি নিজেই প্রার্থীদের নির্বাচন সামনে রেখে প্রস্তুতি নিতে বলেন। প্রার্থী এবং তাদের ঘনিষ্ঠ নেতাকর্মীদের সঙ্গে এই যোগাযোগ স্থাপনের মধ্য দিয়ে বগুড়ায় বিএনপির নির্বাচনী প্রস্তুতি আনুষ্ঠানিক রূপ পায়।
বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চারটি আসনের সম্ভাব্য প্রার্থীদের নিজ নিজ এলাকায় নির্বাচনী কর্মকাণ্ড শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে।
সবুজ সংকেত পাওয়া চারজন প্রার্থীর মধ্যে রয়েছেন- বগুড়া-১ আসনে সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, বগুড়া-৩ আসনে জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মুহিত তালুকদার, বগুড়া-৪ আসনে সাবেক এমপি মোশাররফ হোসেন নিজেই এবং বগুড়া-৫ আসনে সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।
তারা প্রত্যেকেই জানিয়েছেন, তারেক রহমান তাদের সঙ্গে সরাসরি কথা বলেছেন এবং নির্বাচনে জয়ের কৌশল, জনসংযোগ এবং সাংগঠনিক প্রস্তুতির বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন। এতে তারা উজ্জীবিত এবং আশাবাদী বলেও জানিয়েছেন।
তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বগুড়া-২ (শিবগঞ্জ), বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন নিয়ে। বগুড়া-২ আসন নিয়ে স্থানীয় পর্যায়ে জল্পনা চলছে যে, বিএনপি আসনটি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে ছেড়ে দিতে পারে নির্বাচনী ঐক্যের অংশ হিসেবে।
অন্যদিকে বগুড়া-৬ ও ৭ আসন নিয়ে আরও বড় গুঞ্জন- এখান থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। যদিও এ বিষয়ে দলীয়ভাবে কিছু জানানো হয়নি, তবে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
একইসঙ্গে জেলার রাজনীতিতে উত্তাপ আরও বাড়িয়েছে জামায়াতে ইসলামীর ঘোষণা, তারা বগুড়ার সাতটি আসনেই প্রার্থী দেবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশও একই সিদ্ধান্ত জানিয়েছে।